নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ এলাকায় ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের দুই কর্মীসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বুধবার (৫ আগস্ট) সরকারি তোলারাম কলেজের মোড়সংলগ্ন ডাকবাংলো এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কলেজসংলগ্ন এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে হঠাৎ উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। সংঘর্ষে ছাত্রদলের দুই কর্মীসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে আহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।
তবে কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ছাত্রদল, ছাত্রশিবির বা কলেজ প্রশাসনের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
আরটিভি/এসএস




